কষ্ট করে হাঁটতে হবে না, ডাকলেই কাছে চলে আসবে টয়লেট!
প্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবন দিন দিন আরও সহজ হয়ে উঠছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এমন এক উদ্ভাবন, যা শুনলে অনেকের কাছেই বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হতে পারে। তবে এটি আর কল্পনা নয়, বাস্তব। চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ ধরনের একটি রোবোটিক টয়লেট, যা প্রয়োজন হলে নিজেই ব্যবহারকারীর কাছে চলে আসতে পারে।
বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম মানুষ কিংবা দীর্ঘদিন অসুস্থতায় ভোগা রোগীদের কথা মাথায় রেখেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। অনেক সময় বয়স বা শারীরিক দুর্বলতার কারণে সাধারণ বাথরুমে যাওয়া কষ্টকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে অন্যের সাহায্যের ওপর নির্ভর করতে হয়, যা অনেকের জন্য অস্বস্তিকর। নতুন এই রোবট টয়লেট সেই সমস্যার সমাধান দিতে পারে।
কীভাবে কাজ করে রোবট টয়লেট?
ব্যবহারকারী চাইলে ভয়েস কমান্ড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে যন্ত্রটিকে নিজের কাছে ডেকে নিতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লিডার, লেজার ও আল্ট্রাসনিক সেন্সর প্রযুক্তি। এসব সেন্সরের সাহায্যে রোবটটি ঘরের ভেতরে নিরাপদে চলাচল করতে পারে এবং বাধা এড়িয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম।
নিজেই করবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ
এই রোবটের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবহার শেষে এটি নিজেই বর্জ্য সংগ্রহ করে বাড়ির স্থায়ী টয়লেটে স্থানান্তর করতে পারে। ফলে ব্যবহারকারীকে আলাদা কোনো ঝামেলায় পড়তে হয় না।
শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি বজায় রাখতে যন্ত্রটি নিজেই নিজেকে পরিষ্কার করার সক্ষমতাও রাখে। উষ্ণ পানি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হওয়ার পাশাপাশি এতে রয়েছে দুর্গন্ধ নিয়ন্ত্রণের বিশেষ প্রযুক্তি।
প্রদর্শনীতে সাড়া
সম্প্রতি সাংহাইয়ে আয়োজিত প্রবীণদের সেবা ও সহায়তাবিষয়ক একটি প্রযুক্তি প্রদর্শনীতে রোবট টয়লেটটি প্রদর্শন করা হয়। সেখানে এটি ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দাম কত?
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অত্যাধুনিক রোবোটিক টয়লেটের দাম প্রায় ৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ ৯২ হাজার টাকার কাছাকাছি। তবে চীনের বাইরে অন্যান্য দেশে এটি কবে বাজারজাত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবুও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের স্মার্ট হোম প্রযুক্তিতে এমন রোবটিক টয়লেট গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।

