সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
জাতীয়

১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 169 views

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও শক্তিশালী ও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার অতীতের সংসদীয় অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি বিভিন্ন সময়ে একাধিক সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ের সংসদ নিয়ে কথা বলতে আজও তাঁর লজ্জা লাগে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে নির্বাচন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে নানা অনিয়ম ছিল, যা সংসদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “১৯৯১ সালে একটি ভালো ও কার্যকর সংসদ দেখেছিলাম। বর্তমান সংসদও সেই ধারার একটি সংসদ। এবারের নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ আরও জোরদার করে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ফল উৎসবের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সব ধরনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

বিপিজেএ সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।

অনুষ্ঠানে সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Share: Facebook X WhatsApp