রেমিট্যান্সে দারুণ গতি, ২২ দিনে এলো ২৬ হাজার ৪০৩ কোটি টাকা
দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি জুন মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা বৈধ পথে ২১৫ কোটি ১০ লাখ (২১৫১ মিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪০৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে জুনের ২২ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। আগের বছর (২০২৫) জুন মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৪০ লাখ ডলার।
তবে একক মাসের চেয়ে চলতি পুরো অর্থবছরের হিসাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেশ আশাবাঞ্জক। পরিসংখ্যান বলছে, অর্থবছরের হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।
গত ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৬২ কোটি ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (২২ জুন পর্যন্ত) তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯০ কোটি ৮০ লাখ ডলারে। এর মধ্যে কেবল ২২ জুনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন ৬ কোটি ৭০ লাখ (৬৭ মিলিয়ন) ডলার।

