টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাবি
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে এবার বিশ্ববিদ্যালয়টি ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে।
বুধবার প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান মূল্যায়ন করা হয়েছে। এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়।
র্যাঙ্কিংয়ে বিভিন্ন এসডিজি সূচকেও ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। ‘নো পোভার্টি’ (এসডিজি-১) সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩০১-৪০০ ব্যান্ডে। ‘গুড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ (এসডিজি-৩) এবং ‘রিডিউসড ইনইক্যুয়ালিটিস’ (এসডিজি-১০) সূচকে অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে। ‘কোয়ালিটি এডুকেশন’ (এসডিজি-৪) সূচকে ৩০১-৪০০ এবং ‘জেন্ডার ইক্যুয়ালিটি’ (এসডিজি-৫) সূচকে ৬০১-৮০০ ব্যান্ডে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ (এসডিজি-৮) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২০১-৩০০ ব্যান্ডে। ‘সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ (এসডিজি-১১) এবং ‘পার্টনারশিপস ফর দ্য গোলস’ (এসডিজি-১৭) সূচকে বিশ্ববিদ্যালয়টি ১০১-২০০ ব্যান্ডে স্থান পেয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ (এসডিজি-১৬) সূচকে। এ সূচকে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৪তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, “বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।”

